বদলির ফল প্রকাশের দাবিতে দিন পেরিয়ে রাতভর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, দ্রুত বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং প্রেস ক্লাবের সামনেই অবস্থান চালিয়ে যাবেন।
এর আগে বুধবার দুপুরে অনশনরত শিক্ষকদের চার সদস্যের একটি প্রতিনিধিদলকে আলোচনার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ডাকা হয়। মাউশি মহাপরিচালকের কক্ষে পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খানের সঙ্গে শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হলেও তা কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়। বৈঠকে প্রশাসন থেকে বদলির প্রক্রিয়াগত জটিলতার কথা উল্লেখ করে শিক্ষকদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছিল।
প্রশাসনের এমন আশ্বাসের জবাবে প্রতিনিধিদলে থাকা শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বদলি আটকে থাকায় পরিবার ও সন্তানদের ছেড়ে চাকরি করতে গিয়ে তাদের সংসার ভাঙার উপক্রম হয়েছে। আবেদন গ্রহণের পরও ফল প্রকাশ না হওয়ায় তারা চরম মানসিক চাপে রয়েছেন। তাই প্রশাসনের চাওয়া অনুযায়ী সেই ধৈর্য তারা ঘরে ফিরে নয়, বরং প্রেস ক্লাবের সামনে অনশনরত অবস্থাতেই ধরবেন বলে সাফ জানিয়ে দেন।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের এই অনড় অবস্থানের প্রেক্ষিতে পরিস্থিতি নিরসনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেস ক্লাবে গিয়ে অনশনরত শিক্ষকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বদলির জটিলতা নিরসন ও দ্রুত ফল প্রকাশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।



