তিন দিন পর জয়নগর কেন্দ্রে মডেল টেস্ট ঘিরে স্বচ্ছতা ও বৈষম্যের অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের স্থগিত হওয়া মডেল টেস্ট তিন দিন পর আগের ব্যবহৃত প্রশ্নপত্রেই নেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার (২২ নভেম্বর) মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মহেশপুর ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। একই বিষয়ের পরীক্ষা এর আগে ১৯ নভেম্বর উপজেলার অন্য ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষায় স্বচ্ছতা ও সমান সুযোগ নিয়ে অভিভাবকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ১৬ থেকে ১৯ নভেম্বর চার দিনব্যাপী এই মডেল টেস্টের আয়োজন করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ নভেম্বর ‘প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা স্থগিত রাখা হলেও উপজেলার বাকি ১৩টি কেন্দ্রে পরীক্ষা যথারীতি সম্পন্ন হয়।

পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষাটি ২২ নভেম্বর নেওয়া হলে প্রশ্নপত্রের অভিন্নতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিভাবকদের দাবি, অন্য কেন্দ্রগুলোতে পরীক্ষা হয়ে যাওয়ার তিন দিন পর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় প্রশ্ন ফাঁস বা আগেভাগে জেনে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে অন্য ১৩টি কেন্দ্রের শিক্ষার্থীদের তুলনায় একটি অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বৃত্তি প্রস্তুতির মূল্যায়নে বৈষম্যের শঙ্কা দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মামনুর রশিদ স্বীকার করেন যে সময় স্বল্পতার কারণে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করা সম্ভব হয়নি, সে কারণেই আগের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যদিকে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ দেখা হবে।