‘আর্ন’ প্রকল্পে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও বাজার সংযোগের নতুন রূপরেখা
খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তুলতে ‘আর্ন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য হলো স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে তরুণদের চাকরি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ তৈরি করা। খাগড়াছড়ির নয়টি উপজেলায় ৫৪টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র (ভিএলটিসি) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ৩ হাজার ৮৪৬ জন তরুণ-তরুণী তালিকাভুক্ত হয়েছেন, যা লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক।
২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সূচনা সভায় প্রকল্পের কর্মপরিকল্পনা, অগ্রগতি ও পাহাড়ি অঞ্চলের বাস্তব চ্যালেঞ্জগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাতের প্রধান অতিথি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে তজিংডং, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও দ্য আর্থ সোসাইটির সমন্বিত ভূমিকার কথা তুলে ধরা হয়। খাগড়াছড়িতে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, আর প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা নিশ্চিত করতে উপপরামর্শক হিসেবে যুক্ত রয়েছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৪০ শতাংশ, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ৭০ শতাংশ এবং জুনের মধ্যে শতভাগ তালিকাভুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে—যার মধ্যে ডিসেম্বর মাসের নির্ধারিত হার খাগড়াছড়ি ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। তবে অবকাঠামোগত প্রস্তুতিতে এখনো গতি বাড়ানোর প্রয়োজন রয়েছে, কারণ ৫৪টি প্রশিক্ষণকেন্দ্র ও ৫৪টি কমিউনিটি গ্রুপের বিপরীতে এখন পর্যন্ত ৬টি করে কেন্দ্র ও গ্রুপ চূড়ান্ত হয়েছে এবং ৯টি উপজেলা সমন্বয়কেন্দ্র (ইউসিসি) নির্বাচনের কাজ বাকি রয়েছে। বৃহত্তর পরিসরে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি উপজেলায় ২১ হাজার তরুণ-তরুণীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার ৬০ শতাংশ বা ১২ হাজার ৬০০ জন নারী।
ট্রেড ভ্যালিডেশন রিপোর্ট অনুসারে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ‘টিয়ার সি’ শ্রেণিভুক্ত হওয়ায় এখানকার প্রশিক্ষণ ট্রেডের ৭০ শতাংশ রাখা হবে প্রচলিত আয়ের খাতে এবং বাকি ৩০ শতাংশ উদীয়মান ও সম্ভাবনাময় বাজারমুখী খাতে। কৃষি, কাজুবাদাম ও কফি চাষ-প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, হোমস্টে, ফ্রিল্যান্সিং, আইটি, ইলেকট্রিক্যাল ও মোবাইল মেরামতের পাশাপাশি এসব কেন্দ্র থেকে ইন্টার্নশিপ, শিক্ষানবিশি, অর্থায়নের তথ্য এবং বাজার সংযোগের মতো সমন্বিত সহায়তাও দেওয়া হবে। দুর্গম পাহাড়ি পথ, দুর্বল যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ, জলবায়ু ঝুঁকি এবং নারী ও বিশেষ চাহিদাসম্পন্নদের অংশগ্রহণের সামাজিক বাধাগুলো কাটিয়ে উঠতে পারলেই এই উদ্যোগ পাহাড়ের অর্থনীতিতে টেকসই পরিবর্তন আনতে সক্ষম হবে।



