বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করে তা কার্যকর করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, নিজ জেলা থেকে দূরে কর্মরত থাকার কারণে অনেক নারী শিক্ষক চরম পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে কারও সংসার ভেঙেছে, কারও বিবাহবিচ্ছেদ ঘটেছে এবং অনেকেই বাধ্য হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন। এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে তিনি অবিলম্বে একটি নারীশিক্ষকবান্ধব বদলি নীতিমালা তৈরির ওপর জোর দেন।

বিজ্ঞাপন · inarticle_1

আলোচনার একপর্যায়ে এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হলে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়; এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে।

এ প্রসঙ্গে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সভায় জানান, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতোমধ্যে একটি সফটওয়্যারও প্রস্তুত করেছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।