২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পাশাপাশি এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও একই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। দেশের ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি—মোট ১১টি শিক্ষা বোর্ডের মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ নম্বরধারীদের এই ল্যাপটপ দেওয়া হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে এসএসসি ও সমমানের দেড় হাজার শিক্ষার্থীকে বাছাই করা হলেও মেধাতালিকায় সমান নম্বরপ্রাপ্তদের বিষয়টি বিবেচনায় রেখে অতিরিক্ত আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে এবং এর ধারাবাহিকতায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরাও ল্যাপটপ পাবেন।

বিজ্ঞাপন · inarticle_1

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের আওতায় এবং সরকারি ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে এসব ল্যাপটপ কেনা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার মূল পরিকল্পনা থাকলেও সরকার তা ধাপে ধাপে বাস্তবায়ন করছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিতে সরকারের ব্যয় হবে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা, যা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানিয়েছেন, শিক্ষার্থীদের দেওয়া প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও উন্নত কনফিগারেশনের হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা সীমিত হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি সংশ্লিষ্ট ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে সুষ্ঠুভাবে তা হস্তান্তরের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।