এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ এখনো শুরু করতে পারেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর। স্বামী বা স্ত্রীর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্থল বদলির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে কি না, এ জটিলতা নিরসনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রক্রিয়াটি। মাউশির চূড়ান্ত মতামতের ওপর ভিত্তি করেই বদলি নীতিমালা ও সংশ্লিষ্ট সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুল হক খান জানান, এমপিওভুক্ত শিক্ষকের জীবনসঙ্গী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে মানবিক দিক বিবেচনায় বদলির সুযোগ রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে মাউশির কাছে আবেদন পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন · inarticle_1

‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ অনুযায়ী শূন্য পদে একাধিক আবেদনকারীর ক্ষেত্রে নারী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হয়। তবে নীতিমালার ৩.১০ ধারায় স্বামী বা স্ত্রীর কর্মস্থল হিসেবে কেবল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের উল্লেখ রয়েছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জীবনসঙ্গীর কর্মস্থল বিবেচনার সুযোগ বর্তমানে নেই, যা নিয়ে অনেক নারী শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন এবং নীতিমালা সংশোধনের দাবি উঠেছে।

বেসরকারি কর্মস্থলের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হলে বদলির সফটওয়্যারে বড় ধরনের রদবদল আনতে হবে। এমপিও শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নতুন অপশন যুক্ত করলে পূর্বের তথ্য ও চলমান প্রক্রিয়ায় প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি প্রশাসনিক পর্যায়ে এ বিষয়ে এখনো চূড়ান্ত দিকনির্দেশনা না আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শিক্ষকদের ক্রমাগত যোগাযোগের কারণে চলতি মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করার তাগিদ রয়েছে।

বদলি প্রক্রিয়ায় আরেকটি বড় উদ্বেগ হলো নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর এমপিও ও ব্যাংক হিসাবের সমন্বয়। প্রতিষ্ঠান বদলালে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকদের ব্যাংক ও হিসাব নম্বর পরিবর্তিত হয়। এমপিও শাখার সংযুক্ত কর্মকর্তা শাকিলা রহমান জানান, বদলির পর বেতন-ভাতা চালু হতে যেন কোনো দীর্ঘসূত্রতা বা বিলম্ব না হয়, সে জন্য কারিগরি ও দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সবকিছু গুছিয়ে চলতি মাসেই বদলির আবেদনের নোটিশ দেওয়ার লক্ষ্য রয়েছে, তবে স্বামী-স্ত্রীর কর্মস্থল সংক্রান্ত সিদ্ধান্তের ওপরই চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে।