বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পদ্ধতি ও বিধিমালা সংশোধনের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জরুরি সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হতে যাওয়া এই বৈঠকে নিয়োগ প্রক্রিয়ার তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ৯ম শিক্ষক নিয়োগের সংশোধিত খসড়া বিধিমালা ইতোমধ্যে মন্ত্রণালয়ে জমা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রস্তাবিত নতুন বিধিমালায় প্রার্থীদের আবেদনের সময় সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা আগের বিধিতে ৭টি ছিল। এছাড়া নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে আবেদনের সময়েই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পূর্বে নিয়োগ সুপারিশের আগে আলাদাভাবে এই ফরম পূরণ করতে হতো।

বিজ্ঞাপন · inarticle_1

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে বিদ্যমান বিধিমালার বেশ কিছু ধারা সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং আজকের সভাতেই তা চূড়ান্ত হতে পারে। ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির বিষয়ে তিনি নিশ্চিত করেন যে, মন্ত্রণালয়ের পক্ষ থেকেই এই প্রস্তাবটি এসেছে, তাই সভায় এটি অনুমোদিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহিরুল ইসলাম, মো. হেলালুজ্জামান সরকার এবং উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।