মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে খাতা মূল্যায়নে অসংগতি, শিক্ষক-শিক্ষার্থী সংকট এবং কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজন ও শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, এক বা দুটি বিষয়ের পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা সময় নষ্ট করে বিপথে বা মাদক ও মোবাইল আসক্তির দিকে ঝুঁকে না পড়ে, সেজন্য সরকার রেফার্ড পরীক্ষার ব্যবস্থা করেছে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে এবং পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের ভর্তির পথও সুগম করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

বক্তব্যে বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, অপরিকল্পিত কারিকুলাম ও সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষা খাত পিছিয়ে পড়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামোগত চাকচিক্যের বদলে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কর্মদক্ষ জনশক্তি তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, যার প্রতিফলন ঘটেছে এ বছরের রেকর্ড পরিমাণ শিক্ষা বাজেটে। এরই অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে নতুন বই সংযোজন, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ এবং ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলকভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে গড়ে ওঠা জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ঐতিহাসিক অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বর্তমান দুরবস্থা ও পরীক্ষার খাতা মূল্যায়নে ভয়াবহ অসংগতির চিত্র তুলে ধরে ড. মিলন ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, বিভিন্ন কলেজে কোনো হিসাব ছাড়াই অনার্স কোর্স খোলা হয়েছে, ফলে কোথাও শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই, আবার কোথাও শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংকট প্রকট। পাশাপাশি বোর্ড পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে এসএসসিতে ৫২ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ার ঘটনায় শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

পরিশেষে শিক্ষকদের দাবি-দাওয়া ও আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার বদ্ধপরিকর এবং এ জন্য শিক্ষকদের ক্লাস বর্জন করে রাজপথে নামার প্রয়োজন নেই। তিনি সম্মেলনে উপস্থিত অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার এবং নতুন প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।