অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ শিক্ষার বৈষম্য দূর করা, বাজেট বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মদক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টিরও বেশি কলেজের মধ্যে বিরাজমান শিক্ষার মানগত বৈষম্য দূর করে প্রতিটি প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে তিনি উল্লেখ করেন, অধিভুক্ত অনেক কলেজ অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক সংকট প্রকট কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ নয়। কেন্দ্র বা শিক্ষা মন্ত্রণালয় থেকে গৃহীত নীতিমালাগুলোর সফল বাস্তবায়ন মূলত প্রাতিষ্ঠানিক পর্যায়ে অধ্যক্ষদের দক্ষ নেতৃত্বের ওপরই নির্ভর করে।

বিজ্ঞাপন · inarticle_1

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও একাডেমিক মানোন্নয়নের রূপরেখা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কলেজগুলোতে লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধার সঠিক ব্যবহার এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে বিকেন্দ্রীকরণ ও আরও গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রত্যন্ত অঞ্চলেও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যই পূরণ করে চলেছে। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা বর্তমান প্রধানমন্ত্রীও এমন একটি রাষ্ট্র গড়তে চান, যেখানে প্রান্তিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থী তার স্বপ্ন পূরণের সুযোগ পাবে। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী সমাজকে যুগোপযোগী সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে পারলে পুরো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করা সহজ হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার মূল উদ্দেশ্যের ওপর আলোকপাত করে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক এবং একই সাথে কর্মদক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। মেধার সঠিক মূল্যায়ন এবং বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের নেওয়া অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনাগুলো বাস্তবায়নে দেশের সকল অধ্যক্ষ ও শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।