পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নির্ভুল শিক্ষক তথ্য নিশ্চিত করতে আট দফা শর্ত দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড
পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও গোপনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনলাইন শিক্ষক তথ্য ফরম (ইটিআইএফ) হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানপ্রধান ও অধ্যক্ষদের এই কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ায় জবাবদিহি ও নির্ভুলতা বজায় রাখতেই আট দফার এই বিস্তারিত দিকনির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিষ্ঠানপ্রধানদের পাঠানো নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, যেসব শিক্ষক ইতিমধ্যে অবসর নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন কিংবা স্বেচ্ছায় বা বরখাস্ত হওয়ার মাধ্যমে চাকরি ছেড়েছেন, তাদের নাম দ্রুত তালিকা থেকে বাদ দিতে হবে। পাশাপাশি খণ্ডকালীন, অনিয়মিত, গুরুতর অসুস্থ বা বোর্ড কর্তৃক কালো তালিকাভুক্ত শিক্ষকদের তথ্যও হালনাগাদ করতে বলা হয়েছে। অন্যদিকে, যেসব কর্মরত শিক্ষকের তথ্য এখনো ইটিআইএফ-এ যুক্ত হয়নি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।
তথ্য সংযোজন ও যাচাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে বোর্ড জানিয়েছে, শিক্ষকদের ব্যক্তিগত একাডেমিক ফলাফল যেমন—এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর, বিএড, এমএড বা পিএইচডির প্রাপ্ত বিভাগ ও শ্রেণি যথাযথ কলামে উল্লেখ করতে হবে। একজন শিক্ষক একাধিক প্রতিষ্ঠানে কাজ করে থাকলে প্রথম প্রতিষ্ঠানে যোগদানের তারিখ থেকেই তাঁর মোট চাকরিকাল গণনা করা হবে, কারণ প্রতিটি সার্ভিস বছরের জন্য আলাদা পয়েন্ট নির্ধারিত রয়েছে। এছাড়া সম্মানী ও লেনদেনের স্বার্থে সোনালী ব্যাংকের ১৩ থেকে ১৭ ডিজিটের হিসাব নম্বর প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।
বিষয় নির্বাচন ও সত্যতা যাচাইয়ের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষকরা কেবল যে বিষয় পাঠদান করেন বা কলেজের ক্ষেত্রে যে বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন, শুধুমাত্র সেই বিষয়ই নির্বাচন করতে পারবেন; অন্যথায় তা অপরাধ হিসেবে গণ্য হবে। মাস্টার ট্রেইনার না হয়েও ভুল বা ভুয়া তথ্য এন্ট্রি কিংবা সত্যায়ন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের সব সনদ ও নিয়োগপত্রের প্রমাণাদি প্রতিষ্ঠানপ্রধানকে সংরক্ষণ করতে হবে এবং কোনো তথ্য গোপন বা অসত্য তথ্য দিলে এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।



