উদ্ভূত অচলাবস্থা ও আন্দোলন পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুর মূল ক্যাম্পাসে আন্দোলন করেন। সোমবার সকাল থেকে উপাচার্যের কার্যালয় ঘেরাও এবং বিকেল ৩টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করলে পুরো প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

বিজ্ঞাপন · inarticle_1

এ সময় উপাচার্যকে দীর্ঘ ৯ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হলে তিনি রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দৃঢ় অবস্থানের কথা জানান। স্ট্যাটাসে তিনি স্পষ্ট করেন যে, আদালতের রায় অনুযায়ী প্রশাসন যা করার তা করেছে এবং বাকি সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভরশীল; কোনো ধরনের চাপ বা অবরুদ্ধ করে রেখে বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী কোনো কাজ আদায় করা যাবে না। মূলত এই সংকট নিরসন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যেই রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অফিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।