প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) একটি পূর্ণাঙ্গ ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বুধবার (২৫ নভেম্বর) এমআইএসটির ১৯তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এমআইএসটির প্রকৌশল প্রোগ্রামগুলো ইতিমধ্যে ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ জাতীয় অ্যাক্রিডিটেশন বজায় রেখেছে এবং প্রস্তাবিত নতুন আইনটি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে এমআইএসটির ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি জাতীয় উন্নয়ন অগ্রাধিকারগুলোর সাথে সংগতি রেখে বাংলাদেশের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় পিএইচডি পর্যায়ে নিবিড় গবেষণা পরিচালনা করছে। আন্ডারওয়াটার রোবোটিক্স, ফুয়েল সেল রেসিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য দেশের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দেয়। পাশাপাশি শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি ও সাইবার নিরাপত্তার মতো বাস্তবমুখী প্রকল্পে কাজ করছে, যা দেশের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এমআইএসটির অবস্থান তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা এবং শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এমআইএসটি প্রকৌশল জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধের যে সমন্বয় ঘটিয়েছে, তা এটিকে একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেছে। শৃঙ্খলা ও অ্যাকাডেমিক উৎকর্ষের এই মেলবন্ধনের কারণেই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো এমআইএসটির সাথে কাজ করতে ক্রমশ আগ্রহী হচ্ছে।
প্রকৌশল শিক্ষাকে কেবল শ্রেণিকক্ষ ও গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে শিল্পপ্রতিষ্ঠানের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিল্পখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা পূরণে এমআইএসটি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা জোরদার করেছে, যা সময়োপযোগী উদ্যোগ। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ২০২৭ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভবিষ্যৎ অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।



