দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই গুচ্ছের অধীনে মোট ৩ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অফেরতযোগ্য ১ হাজার ৬০০ টাকা আবেদন ফি এবং প্রযোজ্য লেনদেন চার্জ পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

এবারের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬৬টি আসন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি এবং ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিতসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ২০২৫ সালে এসএসসি মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে অন্তত ৫টি এবং এ-লেভেলে বিজ্ঞানের অন্তত ২টি বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম ৪.০০ জিপিএ (এ গ্রেড ৫ এবং বি গ্রেড ৪ হিসেবে গণ্য) অর্জন করতে হবে।

কোটায় আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। কোটায় আগ্রহীদের আবেদনের সময় নির্ধারিত ঘরে টিক চিহ্ন দেওয়ার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের দেওয়া সনদ বা প্রত্যয়নপত্র সর্বোচ্চ ২ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে এবং আবেদনের সময় ১ থেকে ৯টি কেন্দ্রের পছন্দক্রম নির্বাচন করতে হবে, যা ফি জমার অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত হবে।

আগামী ২ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০২৬ সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ নম্বর করে মোট ৬০ নম্বর এবং প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে ১৫ নম্বর করে মোট ৩০ নম্বরের পাশাপাশি ইংরেজিতে ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।