২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন নীতিমালা প্রকাশ করেছে বিএমডিসি; শিথিল করা হয়েছে জিপিএ-র শর্ত, কমেছে সরকারি কোটাও
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা শিথিল করার পাশাপাশি আসন সংখ্যাও কমিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, গত বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানে মোট ২২৪টি আসন বরাদ্দ থাকলেও এবার ৫টি আসন কমিয়ে ২১৯টি নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালার ২.৪ ও ২.৫ অনুচ্ছেদে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫.০০ স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম ৩.৫০ পয়েন্ট (এ মাইনাস) থাকতে হবে। তবে গত শিক্ষাবর্ষে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য হওয়ার যে বাধ্যবাধকতা ছিল, এ বছর তা তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আবেদনের ক্ষেত্রে মোট জিপিএ ৭.০০ থেকে কমিয়ে ৬.০০ এবং একক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থেকে কমিয়ে ৩.০০ করা হয়েছে। তবে এক্ষেত্রেও জীববিজ্ঞানে ৩.৫০ পয়েন্ট থাকা বাধ্যতামূলক।
আসন বণ্টনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর সার্কভুক্ত দেশগুলোর জন্য এমবিবিএস কোর্সে ১০৪টি এবং বিডিএস কোর্সে ১৬টিসহ সর্বমোট ১২০টি আসন রাখা হয়েছে, যা গত বছর ছিল ১২৫টি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এমবিবিএস ও বিডিএস মিলিয়ে ভারতের জন্য যথাক্রমে ২২ ও ২টি, পাকিস্তানের ২১ ও ২টি, নেপালের ১৯ ও ৩টি, ভুটানের ২০ ও ৫টি, শ্রীলঙ্কার ১৩ ও ২টি, মালদ্বীপের ৬ ও ১টি এবং আফগানিস্তানের জন্য ৩ ও ১টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়া নন-সার্কভুক্ত দেশগুলোর জন্য ৭২টি এমবিবিএস ও ২৭টি বিডিএসসহ মোট ৯৯টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের জন্য ১৮ ও ৩টি, মায়ানমারের ৫ ও ২টি এবং অন্যান্য দেশের জন্য ৪৯ ও ২২টি আসন সংরক্ষিত থাকছে।
এদিকে বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের আবেদনের যোগ্যতাও কিছুটা শিথিল করা হয়েছে। নীতিমালার ২.৬ অনুচ্ছেদ অনুযায়ী, এই কোটার প্রার্থীদের উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে ৩.০০ পয়েন্ট থাকলেই আবেদন করা যাবে, যেখানে আগে জীববিজ্ঞানে ৩.৫০ এবং একক পরীক্ষায় অন্তত ৩.৫০ থাকার শর্ত ছিল। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি; আগের মতোই উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এইচএসসিতে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক রাখা হয়েছে।



