শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম না মেনে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে দায়ী শিক্ষকের এমপিও স্থগিত করার ক্ষমতাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের হাইকোর্ট বেঞ্চ কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত এক রিটের রায়ে এই পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন।

বিজ্ঞাপন · inarticle_1

মামলার প্রেক্ষাপটে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম হলেও কোরাম সংকটের অজুহাতে মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়নি। প্রতিকার চেয়ে ২০১৯ সালে তিনি হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেছিলেন।

দীর্ঘ শুনানি শেষে রুল খারিজ করলেও আদালত রায়ে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও বিধিবিধান অনুসরণের ওপর জোর দেন। রায়ে স্পষ্ট করা হয়, বৈধ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিয়োগ থেকে বাদ দেওয়া যাবে না এবং অনিয়মে জড়িত ব্যক্তি বা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আদালতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিনসহ সহকারী অ্যাটর্নি জেনারেলরা শুনানিতে অংশ নেন।