বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিটের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নবম জাতীয় পে-স্কেলের পৃথক গেজেট বা আদেশ এখনো জারি না হওয়ায় চলতি মাসে তারা আগের স্কেলেই বেতন পাবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত জনবলকে নতুন স্কেলে বেতন-ভাতা দিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারি হওয়া জরুরি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হলেও গেজেট এখনো প্রকাশিত হয়নি। মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গেজেট জারির পর পে-ফিক্সেশন ও বেতন-ভাতা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকে শিক্ষক-কর্মচারীরা নবম পে-স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে ১ হাজার ১৯০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে ফেসবুকে যে তথ্য ছড়িয়েছে, তা নিছক গুজব বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিভাগটি জানায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ১ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত প্রয়োজনের একটি হিসাব পাওয়া গেলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব এখনো আসেনি। রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখার উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক জানিয়েছেন, কারিগরি অধিদপ্তরের হিসাব পাওয়ার পর উভয় প্রতিষ্ঠানের জন্য একসাথে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।



