পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষের সকল পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া নোটিশ প্রচার করা হচ্ছিল, যা শিক্ষার্থীদের মাঝে চরম বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি করে।

বিজ্ঞাপন · inarticle_1

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা স্থগিতের বিষয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি। একটি অসাধু চক্র শিক্ষার্থীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই বানোয়াট তথ্য ছড়িয়েছে। তাই এ ধরনের গুজবে কান না দিয়ে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রস্তুতি চালিয়ে যাওয়ার এবং যেকোনো অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত রুটিন অনুযায়ী আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিতব্য অনার্স ৩য় বর্ষের সকল পরীক্ষা পূর্বঘোষিত সময় ও নিজ নিজ কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে। শুধু আজকের পরীক্ষাই নয়, চলমান এই পরীক্ষার পরবর্তী সকল বিষয়ের সময়সূচিও সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে। কেবলমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিগুলোই অনুসরণ করার জন্য অনুরোধ করেছে প্রশাসন।