জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরির লক্ষ্যে বিশ্বের ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত আলোচনা শুরু হবে। এর পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী করতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ধাপে ধাপে কারিগরি বিষয়ের পাঠ্যবই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ, মান নিয়ন্ত্রণ এবং বিতরণের সার্বিক চিত্র তুলে ধরেন।

চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এ লক্ষ্যে শিক্ষাবর্ষ শুরুর বেশ আগেই ছাপা, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কার্যক্রম শেষ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই পরিমার্জন এবং মুদ্রণ প্রক্রিয়ায় অভাবনীয় অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন তিনি। নতুন কারিকুলামের বিশেষত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি দূর করে খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং স্কুলে আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এ বছর প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়ে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

অধ্যাপক ফখরুল মাওলা আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই এবং ৯২ শতাংশ বই মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়েছে। মূলধারার এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও ছাপা হচ্ছে।