রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে 'রাবি সংস্কার আন্দোলন'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই অবস্থান অব্যাহত রয়েছে।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না রে শিক্ষাঙ্গন, আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না, ঘুম ভাঙো চোখ খোলো, রাকসু কবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন · inarticle_1

অবস্থান কর্মসূচিতে সালাহউদ্দিন আম্মার জানান, বর্তমানে ক্যাম্পাসে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং সক্রিয় সব ছাত্রসংগঠনই নির্বাচন চাচ্ছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত কালক্ষেপণ না করে দ্রুত রাকসুর তফসিল ঘোষণা করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন 'মঞ্চ-২৪' রাবি শাখার নেতাকর্মীরাও।