বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসচ্ছল ও প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্ন মাধ্যমিক থেকে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকদের মেধাবী সন্তানদের মঞ্জুরি ও বৃত্তি প্রদান নির্দেশিকা-২০২৩’ অনুসরণ করে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে সচ্ছল বা আর্থিকভাবে স্বাবলম্বী সাংবাদিকদের সন্তানদের এ বৃত্তির জন্য আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী সাংবাদিকের পেশায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষার্থীর বয়স জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২৫ বছরের কম হতে হবে। সাংবাদিক পিতা বা মাতা মৃত্যুবরণ করলে শিক্ষার্থীর বৈধ অভিভাবক কিংবা শিক্ষার্থী নিজেও আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন · inarticle_1

শিক্ষাগত যোগ্যতার শর্ত হিসেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর এবং স্নাতক বা সমমান পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকার প্রমাণপত্র দেখাতে হবে। এ ছাড়া ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সাংবাদিকতার পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র এবং কমপক্ষে পাঁচ বছর সাংবাদিকতা করার অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রয়াত সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে মৃত্যুসনদের কপি এবং আবেদনকারী ও শিক্ষার্থীর দুই কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সত্যায়িত মূল নম্বরপত্রের ফটোকপি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।

আগ্রহীদের নিজ হাতে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পূর্ণ নামসহ স্বাক্ষর করতে হবে এবং সুপারিশ অংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল নিতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (www.bjwt.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। বৃত্তি ও আর্থিক মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।