২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন করে ২৭০টি আসন যুক্ত হয়েছে। এর ফলে সরকারিভাবে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫টিতে, যার মধ্যে ৪০টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ২৭০টি এবং ৯টি প্রতিষ্ঠানে বিডিএস কোর্সে ৫৪৫টি আসন রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আসন বৃদ্ধির পাশাপাশি এবার নতুন তিনটি মেডিকেল কলেজ যুক্ত হয়েছে। চলতি বছরের ১৩ মে ৩৮তম মেডিকেল কলেজ হিসেবে ঠাকুরগাঁও এবং ১৪ জুন ৩৯তম মেডিকেল কলেজ হিসেবে নরসিংদী মেডিকেল কলেজ অনুমোদন পায়। এছাড়া চলতি মাসের ৯ তারিখে ঢাকার ফুলবাড়িয়ায় ৪০তম প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অবকাঠামো এখনো নির্মিত না হলেও এই তিনটি প্রতিষ্ঠানের প্রতিটিতে ৫০টি করে এমবিবিএস আসন বরাদ্দ রাখা হয়েছে।
কলেজভিত্তিক আসন বিন্যাসে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সর্বোচ্চ ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রয়েছে ২২০টি আসন। এছাড়া কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেলে ২০০টি করে এবং গোপালগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেলে ১২৫টি করে আসন নির্ধারিত আছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেলে ১০০টি করে আসন বরাদ্দ রয়েছে। রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেলে রয়েছে ৭৫টি করে আসন। আর হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোণা এবং নতুন অনুমোদন পাওয়া ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেলে ৫০টি করে এমবিবিএস আসন রাখা হয়েছে।
অন্যদিকে বিডিএস কোর্সের ৫৪৫টি আসনের মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি এবং চট্টগ্রাম মেডিকেল ডেন্টাল ইউনিটে ৬০টি আসন রয়েছে। পাশাপাশি রাজশাহীতে ৫৯টি, শহীদ সোহরাওয়ার্দীতে ৫৬টি এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোতে ৫২টি করে আসন নির্ধারণ করা হয়েছে।



