দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এই কোর্সের তৃতীয় ব্যাচের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এতে প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

বিজ্ঞাপন · inarticle_1

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://www.dzaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে বৈধ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের নেতৃত্বাধীন ভর্তি কমিটির মাধ্যমে বাছাই শেষে ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। সম্পূর্ণ বিনা ফিতে পরিচালিত এই প্রশিক্ষণে অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও প্রতিদিনের খাবারের সুবিধা পাবেন। এ ছাড়া কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে।

সারা দেশে সুষ্ঠুভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলা এবং প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনা বিভাগের ১৬টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে ঢাকার কল্যাণপুরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় যৌথভাবে কাজ করবে পুরানা পল্টনের এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেড, ইউরোপীয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটি। এ ছাড়া প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলায় প্রশিক্ষণ দেবে সিআর দত্ত রোডের সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশ।