নয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সারাদেশের পাঁচ শতাধিক বিতার্কিকের অংশগ্রহণ, সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো শ্রেষ্ঠত্বের সম্মাননা
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এই প্রত্যয়দীপ্ত স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে গত ১৩ নভেম্বর শুরু হওয়া নয় দিনব্যাপী এই বুদ্ধিবৃত্তিক মহোৎসবের পর্দা নামে গতকাল শনিবার (২১ নভেম্বর) জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও বিচারকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস যুক্তি ও মননশীলতার এক অভিন্ন মিলনমেলায় পরিণত হয়েছিল।
উৎসবের মূল আকর্ষণ আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ এবং আন্তস্কুল—এই তিনটি পর্যায়েই বিতার্কিকদের ক্ষুরধার যুক্তির লড়াই দর্শকদের মুগ্ধ করেছে। ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিইউসি)। অন্যদিকে, ১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব (এসিসিডিসি) ও রাজউক কলেজ ডিবেট ক্লাবকে (আরসিডিসি) সেমিফাইনালে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) এবং রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)। পাশাপাশি আন্তস্কুল পর্যায়ে শিরোপা জিতে নিয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮) এবং রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০)।
দলীয় বিতর্কের পাশাপাশি তিন পর্যায়েই অনুষ্ঠিত হওয়া বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তরুণ বিতার্কিকেরা। স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্কে সেরা নির্বাচিত হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা; যেখানে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যথাক্রমে তানভীর রায়ান ও মির্জা মুক্তাদির মাহদি। অপরদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। এই বিভাগে প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত এবং যৌথভাবে দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তূর্য।
জেইউডিওর সভাপতি আল লুবানের সার্বিক আহ্বানে (কনভেনর) এবং বর্ণ সাহা বিশাল (বিশ্ববিদ্যালয় পর্যায়), হাসিব বিন আবদুল হাই (কলেজ পর্যায়) ও দুর্বার শামিত আদির (স্কুল পর্যায়) যুগ্ম আহ্বানে সুশৃঙ্খলভাবে পুরো উৎসবটি পরিচালিত হয়। আয়োজকদের মতে, বিতর্ক কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবোধ, মুক্তচিন্তা, পরমতসহিষ্ণুতা এবং দায়িত্বশীল মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। উৎসবের সমাপনী পর্বে আয়োজনটি সফল করতে নিরলসভাবে কাজ করা বিচারক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।



