গত কয়েকদিন ধরেই ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক চর্চা চলছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে তিনি দেউলিয়া হওয়ার পথে—এমন গুঞ্জনের পাশাপাশি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) কর্তৃক অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর খবরে বিষয়টি নতুন মাত্রা পায়। এই পরিস্থিতিতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুক পোস্টে কোরআনের বাণী ও দোয়া প্রার্থনা পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত জলিল। তিনি সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ (আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যসম্পাদনকারী) বাণী দুটি তুলে ধরেন।
শুভাকাঙ্ক্ষী ও সমালোচকদের উদ্দেশে বার্তা দুঃসময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত লেখেন, "যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজিটিভ ভিডিও আপলোড করেছেন, তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।"
অন্যদিকে, যারা ভিউ বা টিআরপির আশায় তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, তাদের প্রতিও কোনো ক্ষোভ না দেখিয়ে উল্টো ধন্যবাদ ও হেদায়েতের দোয়া করেছেন তিনি। অনন্ত লেখেন, "আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।"
ঢালিউডে অনন্ত জলিলের পথচলা ব্যবসায়ী পরিচয়ের বাইরে ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ও প্রযোজক হিসেবে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করেন অনন্ত জলিল। তার হাত ধরেই ঢালিউডে আধুনিক ও ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের এক নতুন অধ্যায় সূচিত হয়। পরবর্তীতে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এবং ‘দিন: দ্য ডে’-এর মতো বেশ কিছু বিগ বাজেটের সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেন।



