নতুন জীবনের শুরুতে প্রকাশ্যে বিশেষ মুহূর্তের ছবি, সামনে আসছে উত্তরবঙ্গের আনুষ্ঠানিকতা ও কলকাতার সংবর্ধনা।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে নতুন জীবনের এই পথচলা শুরু করলেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও আলোচনার মাঝেই নিজের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবর দেন অভিনেত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া ও ঘনিষ্ঠ পরিসরে আইনি বিয়ের পর্ব সারেন মিমি ও সিদ্ধার্থ। প্রচলিত লাল বা জমকালো রঙের পরিবর্তে এদিন স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ পোশাকে ধরা দেন মিমি। তার অফ-হোয়াইট পোশাকের গলা ও হাতায় ছিল সোনালি জরি এবং মুক্তার সূক্ষ্ম কাজ। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সোনালি কারুকাজ করা আইভরি রঙের পাঞ্জাবি। পান্না ও সোনালি ঝুমকো, মুক্তা-সোনার বালা এবং খোলা চুলে সবুজ-সোনালি পাথরের গয়নায় মিমির সাজ ছিল বেশ নজরকাড়া।
প্রকাশিত ছবিগুলোতে দুজনকে বেশ আন্তরিক ও আবেগঘন মুহূর্তে দেখা গেছে। ফুলের সাজে ঘেরা আবহে কপালে কপাল ঠেকিয়ে আংটি বদল, বিয়ের কাগজে স্বাক্ষর কিংবা পরস্পরকে জড়িয়ে ধরার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। তবে বর-কনে দুজনের মুখই ছবিগুলোতে কিছুটা আড়ালে রাখা হয়েছে। পাত্র সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও তার পরিবারের সঙ্গে ছোট পর্দার যোগসূত্র রয়েছে; সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ত্রমিলা ভট্টাচার্য।
আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের প্রিয় পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়ে বাড়ি ফেরেন পশুপ্রেমী এই অভিনেত্রী। বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি হাসিমুখে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান এবং তাদের জন্য মিষ্টি পাঠান তিনি। আইনি পর্বের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে—কালিম্পংয়ে প্রাক্-বিয়ের অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী আয়োজনে গাঁটছড়া বাঁধবেন তারা, আর পরবর্তীতে কলকাতায় সহকর্মী ও বন্ধুদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।



