গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এবং ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ চিত্র উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সংগৃহীত তথ্য এতে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, শেষ ২৪ ঘণ্টায় উপসর্গে মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন করে মোট ৬ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। দুইয়ে মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে।
বিভাগীয় পর্যায়ে হামের উপসর্গে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা, যেখানে এখন পর্যন্ত ৫৬৬ জন মারা গেছেন। এর পরের অবস্থানে রয়েছে সিলেট (২৩১), চট্টগ্রাম (১৩০), ময়মনসিংহ (৯৭), রাজশাহী (৯৩), বরিশাল (৭১), খুলনা (৬৪) এবং রংপুর (২০)।



