দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী। সোমবার (৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১,০৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন, সিলেট বিভাগে ১৬ জন শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে এবং মৃত্যুহার কমাতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া প্রয়োজন।



