জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৯ নভেম্বর) সকালে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই উন্নয়নকাজের টেন্ডার আহ্বান করা হবে।
সফরকালে স্বাস্থ্যমন্ত্রী নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির শুভ উদ্বোধন করেন। এসব আধুনিক উদ্যোগ চালুর ফলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা অনেক গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকদের নতুন উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। চিকিৎসকরা যাতে সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন, সরকার তার সব ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি, রোগীদের প্রতি আরও মানবিক ও সহনশীল আচরণ করার জন্যও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় যেকোনো পরিমাণ বরাদ্দ দিতে সরকারের সদিচ্ছা রয়েছে। আশা করা হচ্ছে, এই ৫০ কোটি টাকা বরাদ্দ ও আধুনিক সুযোগ-সুবিধা বাস্তবায়িত হলে পঙ্গু হাসপাতালের চিকিৎসাসেবা এবং রোগীদের সামগ্রিক সুযোগ-সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।



