সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তার মাধ্যমে সাধারণ নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় জননিরাপত্তার স্বার্থে সবাইকে গুজবে কান না দিয়ে কেবল সরকারি তথ্যের ওপর নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে জরুরি সাইরেন ও সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট অতিবাহিত হলেও ঠিক কোন স্থান থেকে এই হামলার আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে বাহরাইন কর্তৃপক্ষ এখনো স্পষ্ট কিছু জানায়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিতে অবস্থিত একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইরান বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করে। পরবর্তীতে তেহরান দাবি করে, তাদের টাওয়ারে হামলার প্রতিশোধ নিতে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি আগাম সতর্কতাদানকারী রাডারে আঘাত হেনেছে। এমনকি একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে রাডারটি ধ্বংস করার দাবিও করেছিল ইরান। তবে আজকের এই সতর্কতা ইরানের নতুন কোনো হামলার কারণে জারি করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



