পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক চারটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ১২ জন নিহত হওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রদেশটির নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
আইএসপিআরের তথ্যমতে, ২০ নভেম্বর নুশকি জেলার একটি গোপন আস্তানায় অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ভারত-সমর্থিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আট সদস্য প্রাণ হারান। অভিযানস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানানো হয়েছে। পরদিন ২১ নভেম্বর সিবি জেলায় সন্ত্রাসীদের তৎপরতা টের পেয়ে চালানো অভিযানে আরও দুজন নিহত হন।
এর ধারাবাহিকতায় ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় আরও দুটি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে সন্ত্রাসী আস্তানায় হানা দিয়ে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর বাকি দুজনকে নিকেশ করার দাবি করেছে বাহিনীটি। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযান চলমান থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তা পূর্ণোদ্যমে চলবে।
এদিকে এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতায় সক্রিয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাহিনীর অঙ্গীকার ও আত্মত্যাগের প্রতিফলন। জারদারি জোর দিয়ে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করা অপরিহার্য।
সাম্প্রতিক সময়ে বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র হামলার প্রবণতা বেড়েছে। গত সপ্তাহে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক দুটি অভিযানে ১৫ জন নিহত হন। এর আগে ১৪ নভেম্বর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় একাধিক অভিযানে এক মেজরসহ চার সেনাসদস্য ও ২৪ জন নিহত হন; আর ১ নভেম্বর কাচি ও খারান জেলার দুটি অভিযানে এক সেনা ও ১৭ জন নিহত হওয়ার খবর দেয় সেনাবাহিনী।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিকস) হিসাব অনুযায়ী, ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে সামগ্রিক হামলার সংখ্যা কিছুটা কমলেও হতাহতের মাত্রা অনেক বেড়েছে, যা দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির পরিবর্তিত ও তীব্র বাস্তবতা তুলে ধরে। ওই সপ্তাহে খাইবার পাখতুনখোয়ায় ১৬টি হামলায় ৪৪ জন নিহত হন এবং বেলুচিস্তানে ১৩টি হামলায় আটজন নিহত ও ১৯ জন আহত হন; তবে সাবেক উপজাতীয় জেলাগুলোতে হামলার হার উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।



