উৎপাদন বন্ধ, ৫ কিলোমিটার এলাকায় বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং এতে অন্তত নয়জন আহত হন। বিস্ফোরণের পরপরই শোধনাগারটিতে আগুন ছড়িয়ে পড়লে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যার বেশ কিছু ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এক ঘণ্টা পার হওয়ার আগেই নগর প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় এবং বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দেয়। একই সঙ্গে শোধনাগারের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের সম্ভাব্য বায়ুদূষণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
শোধনাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন ফেসবুকে এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থাপনাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান প্রাথমিক ধারণার ভিত্তিতে জানান, তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে নতুন কোনো ঝুঁকি আছে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ—এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সেখানে পুনরায় উৎপাদন শুরুর অনুমতি দেওয়া হবে না। তবে এই দুর্ঘটনায় দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি, কারণ দেশে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাটি সবচেয়ে বড়গুলোর মধ্যে পড়ে না। দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধনের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি আয়তনে থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম এবং নগরাঞ্চলে অবস্থিত একমাত্র শোধনাগার। এর আগে ২০১২ সালের জুলাইয়েও একই স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আশপাশের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মেরামত শেষে উৎপাদন ফেরাতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।



