বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রতিক্রিয়া ও তাপমাত্রা বৃদ্ধির তীব্র সংকটের মধ্যেই তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন সিওপি৩১ (COP31)। দুই সপ্তাহব্যাপী আয়োজিত এই সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বগুলোতে বিশ্বনেতারা অংশ নিলেও আন্তর্জাতিক রাজনীতির বেশ কিছু শীর্ষ ও প্রভাবশালী ব্যক্তিত্বের অনুপস্থিতি তৈরি করেছে ব্যাপক আলোচনা।

চলতি বছর ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ ল্যান্ডস্লাইড ও বনভূমির অগ্নিকাণ্ডের পটভূমিতে অনুষ্ঠিত এই জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের ওপর কার্যকর সিদ্ধান্ত নেওয়ার বৈশ্বিক চাপ রয়েছে। সম্মেলনে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাাসিও লুলা দা সিলভা এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ একাধিক রাষ্ট্রের সরকারপ্রধান বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন · inarticle_1

তবে ধনী ও শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর অনেক শীর্ষ নেতার অনুপস্থিতি পরিবেশবিদ ও বিশ্লেষকদের হতাশ করেছে। জি-সেভেন (G7) ভুক্ত দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই সম্মেলনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন উপস্থিত থাকলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রাডরিশ মার্জ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জলবায়ু সম্মেলনটি বর্জন করেছেন। কানাডা ও জাপানের শীর্ষ নেতারাও আলোচ্য তালিকায় অনুপস্থিত রয়েছেন।

একইভাবে বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দুই দেশ আমেরিকা ও চীনের শীর্ষ প্রধানদের সশরীরে দেখা মিলছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনটিতে অংশ নিচ্ছেন না, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। পরিবেশবিষয়ক সংস্থা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানি রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইউরোপীয় ও পরাশক্তি দেশগুলোর শীর্ষ নেতাদের অনুপস্থিতি বৈশ্বিক জলবায়ু চুক্তির দীর্ঘমেয়াদি বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে।

সম্মেলনের স্বাগতিক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্পখাতে বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবহারের হার আগামী ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিগত প্রতিশ্রুতি কীভাবে বেগবান করা যায়, তা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের মধ্যে কূটনৈতিক আলোচনা জোরদার হচ্ছে।