ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় নিজেদের সামরিক সক্ষমতা ও সমন্বয় জোরদার করতে নতুন 'যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র' স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যবিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য মিডিল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, জিসিসি সদস্যভুক্ত ছয় দেশের নতুন এই যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্রটি কুয়েতে নির্মিত হবে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরান ও তেহরানপন্থী বিভিন্ন ইরাকি মিলিশিয়া বাহিনীর ছোঁড়া হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হতে হয়েছে কুয়েতকে। এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি জানান, প্রস্তাবিত এই বিশেষ কেন্দ্রে প্রয়োজনীয় উপযুক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, যদিও নিরাপত্তার স্বার্থে বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন · inarticle_1

উল্লেখ্য, ২০০০ সালে গঠিত এই ছয় উপসাগরীয় দেশের জোটের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি ছিল—যেখানে কোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে জোটের ওপর আক্রমণ হিসেবে ধরে নেওয়ার কথা বলা হয়। তবে বাস্তবে ন্যাটো (NATO) জোটের মতো এই অঙ্গীকার ততটা অটুট ও সুসংগঠিত ছিল না। অতীতে ইয়ামেনের হুথি বিদ্রোহীদের হাত থেকে সৌদি আরবের তেলক্ষেত্র রক্ষা কিংবা সম্প্রতি কাতারে হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নিষ্ক্রিয় থাকার পর, সামরিক সমন্বয়ের এই ঘাটতি পূরণেই এবার কুয়েতে শক্তিশালী কমান্ড সেন্টার গড়ার উদ্যোগ নিল সংস্থাটি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কুয়েতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক মার্কিন ঘাঁটি—যেমন ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটি বিদ্যমান থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি শতভাগ সুরক্ষিত রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে দীর্ঘ ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া একক নিরাপত্তা আশ্বাসের ওপর ভরসা না রেখে বিকল্প মিত্র খুঁজছে উপসাগরীয় দেশগুলো। এই ধারাবাহিকতায় সৌদি আরব ইতোমধ্যে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে 'মক্কা চুক্তি' সক্রিয় করেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা যোগাযোগ জোরদার করছে। নিজেদের ভূখণ্ড রক্ষা ও ভূ-রাজনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখতেই জিসিসির এই আত্মপ্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।