যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) আটকে দিয়েছে রিপাবলিকানরা। এর মাধ্যমে সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার কয়েক দিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে একটি বড় বিজয় অর্জন করলেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে (জুডিশিয়ারি কমিটি) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে যে ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছিল, তা সাময়িকভাবে ভণ্ডুল হয়ে যায়। রিপাবলিকান আইনপ্রণেতা এবং ট্রাম্পের তীব্র সমালোচক থমাস ম্যাসি এই অভিশংসন প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তবে নিজ দলের এই প্রক্রিয়াগত কৌশলের বিরুদ্ধে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন তিনিই। ১১ জন ডেমোক্র্যাট সদস্য ভোটাভুটিতে অনুপস্থিত থাকায় রিপাবলিকানরা এ সুবিধা পায়।

বিজ্ঞাপন · inarticle_1

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে পরাজয় এবং ইরান যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি মূল্যের জেরে ট্রাম্প প্রশাসন যখন তীব্র চাপে রয়েছে, ঠিক তখনই এই অভিশংসন উদ্যোগ সামনে আসে। আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা রয়েছে। তার আগেই রিপাবলিকানরা কৌশলগতভাবে এই ভোটাভুটি আটকে দিল।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথ নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘প্রহসন’ ও ‘নিন্দা’ বলে অভিহিত করেন এবং ইরানসহ সব সামরিক অভিযানের পক্ষে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এটি এক মহান মার্কিন প্রেমিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের অপনোদন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের এক বিশাল জয় বলে অভিহিত করেছেন।

যদিও বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর কারণে তাৎক্ষণিকভাবে অভিশংসন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে, তবে আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর এ বিষয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক পদক্ষেপ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।