পৃথিবীর বিদ্যুৎ ও পানির ওপর বাড়তি চাপ কমাতে এবং নিরবচ্ছিন্ন সৌরশক্তি কাজে লাগাতে ইলন মাস্কের প্রতিষ্ঠানকে ঐতিহাসিক অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসার ও বিশাল ডেটা প্রক্রিয়াকরণের লক্ষ্যে মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের ঐতিহাসিক অনুমোদন পেয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বুধবার এই উচ্চাভিলাষী পরিকল্পনার ছাড়পত্র দিয়েছে। মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের এমন বিশাল উদ্যোগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম সরকারি অনুমোদন। এফসিসি মনে করছে, এই প্রকল্প দেশটির দ্রুত বিকাশমান ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অতি-উন্নত এআই খাতকে বিশ্বনেতৃত্বে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কারের মতে, এই পদক্ষেপ মানবজাতিকে এমন এক উন্নত সভ্যতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে, যেখানে সূর্যের অসীম শক্তিকে সরাসরি কাজে লাগানো সম্ভব হবে।
বর্তমানে এআই শিল্পের প্রসারের ফলে পৃথিবীতে অবস্থিত ডেটা সেন্টারগুলো পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হচ্ছে, যা স্থানীয় বিদ্যুৎ গ্রিড ও পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। এই সংকট মোকাবিলায় মহাকাশকে এক কার্যকর বিকল্প হিসেবে দেখছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কক্ষপথে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি ব্যবহারের সুযোগ থাকায় সেখানে ডেটা সেন্টার পরিচালনার ব্যয় ও জ্বালানি অপচয় নাটকীয়ভাবে কমে আসবে। এর ফলে ভূপৃষ্ঠে ডেটা সেন্টার নির্মাণের জন্য বিশাল জমি, পানির অপচয় এবং কার্বন নিঃসরণের মতো পরিবেশগত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তবে এই যুগান্তকারী পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রযুক্তি ও প্রকৌশল মহলে বেশ কিছু গুরুতর চ্যালেঞ্জ ও সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, কম্পিউটিং যন্ত্রপাতি থেকে নির্গত প্রচণ্ড তাপ মহাকাশের শূন্যস্থানে কার্যকরভাবে ঠান্ডা রাখা অত্যন্ত জটিল একটি প্রকৌশলগত বাধা। এ ছাড়া, পৃথিবীর কক্ষপথে একসঙ্গে এত বিপুল সংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে এবং স্যাটেলাইটগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। সমালোচকদের মতে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।
এফসিসির বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে আগামী ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে মহাকাশে এই স্যাটেলাইট স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু করতে হবে। পরবর্তী ধাপে ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট সংখ্যার অন্তত ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে স্পেসএক্স প্রকৌশলগত বাধা কাটিয়ে শেষ পর্যন্ত পুরো ১০ লাখ স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক স্থাপন করতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।



