যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বের মূল কারণ ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের কাজের সময় তৈরি হওয়া একটি কারিগরি ত্রুটি। দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল বসানোর সময় একটি রাউটারে ত্রুটি দেখা দেয়। এর ফলে অন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় অতিরিক্ত তথ্যপ্রবাহ তৈরি হয় এবং উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হয়। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার পেছনে কোনো সাইবার হামলা, নাশকতা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মার্কিন সরকার। আধুনিকায়নের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের অদক্ষতার কারণে এ সমস্যা হয়েছে, নাকি যন্ত্রপাতির ত্রুটি ছিল—তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এত দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ রাখার ঘটনা আর ঘটেনি। একদিনেই প্রায় ৯,২০০ ফ্লাইট বাতিল এবং ৭,৫০০ ফ্লাইট বিলম্বিত হওয়ায় প্রায় ১৫ লাখ যাত্রী চরম বিপাকে পড়েন, যার রেশ সপ্তাহজুড়ে বজায় রয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1