যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টির গ্রিনএকরস এলাকায় ৯ জন আরোহী নিয়ে একটি বাণিজ্যিক লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।
টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার উদ্দেশ্যে উড্ডয়ন করা ব্যক্তি মালিকানাধীন এই উড়োজাহাজটি ৩৫ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বৈরী আবহাওয়ার মুখে পড়ে। উড়োজাহাজে বরফ জমা ও প্রচণ্ড ঝাঁকুনির কারণে পাইলটরা আরও ২ হাজার ফুট ওপরে ওঠার অনুরোধ জানান। তবে এর পরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে—প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার, পরে ২০ হাজার এবং শেষ পর্যন্ত ৩০ হাজার ফুট গতিতে নিচে খসে পড়ে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, ভূমিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে জরুরি অবস্থা ঘোষণা করে পাইলট আকুল কণ্ঠে রেডিওতে তাঁর শেষ বার্তা পাঠান—"আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।"
একপর্যায়ে একটি ব্যস্ত সড়কের পাশের আবাসিক এলাকা থেকে মাত্র কয়েক ফুট দূরে বিমানটি আকাশ থেকে ছিটকে পড়ে তীব্র বিস্ফোরণ ঘটে। বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে হওয়া এই দুর্ঘটনায় সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয় এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, ভূমিতে থাকা বা আশপাশের কোনো বাসিন্দা হতাহত হননি। নিরাপত্তার স্বার্থে পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ ট্রেইলার পার্কের প্রায় ৬০০ অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এনটিএসবি ও ফেডারেল বেসামরিক বিমান চলাচল প্রশাসন (এফএএ) ঘটনাটির মূল কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে।



