বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বিশাল জয় পেতে যাচ্ছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী, অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন। এর মাধ্যমে বুলগেরিয়া প্রথমবারের মতো একজন নির্বাচিত নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থী সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ মাত্র ৩৮ শতাংশ ভোট পেয়ে ইতিমধ্যে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন।
৬১ বছর বয়সী রাজনৈতিক ব্যক্তিত্ব ইয়োতোভা রাশিয়ার সঙ্গে সংলাপে বিশ্বাসী এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। নির্বাচনে ভোট দেওয়ার পর তিনি জানান, তিনি এমন একটি বুলগেরিয়া চান যা 'শক্তিশালী ইউরোপে নিজে শক্তিশালী থাকবে' এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরোপুরি সার্বভৌম থাকবে। প্রথম দফার রেকর্ড সর্বনিম্ন কম ভোটের পর দ্বিতীয় দফায় ২৭ থেকে ২৯ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদটি মূলত অলংকারিক হলেও, সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে ড্রোন হামলা এবং আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ গুরুত্ব পাচ্ছে।



