ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের মেগা জনসভার সফলতার দাবি নিয়ে শাসক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। জোটের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে কংগ্রেস দাবি করলেও, সেই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেছেন, জনসভার ভিড় পুরোপুরি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবিতে লোকসংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। এমনকি এআই দিয়ে ছবি তৈরি করতে গিয়েও কংগ্রেস ভুল করেছে বলে কটাক্ষ করেন রিজিজু।

বিজেপির দাবি, যেখানে ১০ লাখ মানুষের উপস্থিতির কথা বলা হয়েছিল, সেখানে বড়জোর ২৮ হাজার মানুষের সমাগম ঘটেছে এবং সন্ধ্যার পর ফাঁকা চেয়ারের ছবি প্রকাশ করে তা প্রমাণও করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ড্রোন দিয়ে ধারণ করা বিপুল জনসমাগমের ভিডিও প্রকাশ করে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। বিভিন্ন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের বর্ণাঢ্য উপস্থিতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আয়োজিত এই সমাবেশ ঘিরে দিল্লির রামলীলা ময়দান ও এর আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠেছিল। মূলত জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ জাতীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1