গোপন প্রীতি ম্যাচের সেই গোল ও অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর এবার গ্রেসি ম্যানশনে বিশ্রাম নিচ্ছেন নিউইয়র্কের মেয়র।

নিউইয়র্কের সিটি হলের রোটান্ডায় সংবাদ সম্মেলনে ক্রাচ ও বিশেষ মেডিকেল বুট পরে হাজির হয়ে নিজের চোটের কথা প্রকাশ্যে আনেন মেয়র জোহরান মামদানি। তিনি জানান, চলতি মাসের শুরুতে সিটি হলের সাংবাদিকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তাঁর ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়। পরে এই চোট সারাতে তাঁকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়।

বিজ্ঞাপন · inarticle_1

মামদানির ভাষ্য অনুযায়ী, ম্যাচ শুরুর অল্প সময়ের মধ্যেই তিনি একটি গোল করেন এবং সেই উচ্ছ্বাসে নিজের ৩৫ বছর বয়সের কথা একরকম ভুলেই যান। এরপরই ঘটে বিপত্তি; ঠিকমতো ওয়ার্মআপ বা স্ট্রেচিং না করায় পেশিতে টান লেগে তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়। ম্যাচে অংশ নেওয়া এক সাংবাদিক জানান, প্রতিপক্ষের কোনো ফাউল বা ধাক্কায় নয়, বরং মেয়র নিজেই ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে চোট পান।

আসলে ম্যাচটি নিয়ে কোনো তথ্য বাইরে প্রকাশ না করার সিদ্ধান্ত ছিল আয়োজকদের মধ্যে এবং গোপনীয়তার বিষয়টি বেশ ভালোভাবেই রক্ষা করা হচ্ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে ক্রাচ ও বিশেষ বুট পরে উপস্থিত হওয়ায় মেয়রের শারীরিক অবস্থার বিষয়টি আর আড়ালে রাখা সম্ভব হয়নি, ফলে বাধ্য হয়েই ঘটনার বিস্তারিত জানান তিনি।

চোট পেলেও ম্যাচের ফলাফল নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন মামদানি; তিনি জানান, তাঁর দল সংবাদকর্মীদের দলকে ১০-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। মেয়রের প্রেস সচিব জো ক্যালভেলো জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি এখন গ্রেসি ম্যানশনে বিশ্রামে আছেন এবং পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।