লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় অচলাবস্থা সত্ত্বেও দুটি জোট চুক্তি স্বাক্ষর করেছেন ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী; ৬ ডিসেম্বরের মধ্যেই নেসেটে আস্থা ভোটের প্রস্তুতি

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সঙ্গে দফায় দফায় বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় একাই এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। শুক্রবার (২৭ নভেম্বর) ইসরায়েল বেইতেইনু এবং ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে দুটি আনুষ্ঠানিক জোট চুক্তি স্বাক্ষরের পাশাপাশি তিনি আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট জানান, এক সপ্তাহ আগে সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথ চিহ্নিত করে তিনি কাজ শুরু করেছিলেন এবং সহযোগিতাপূর্ণ দলগুলোর ইতিবাচক সাড়ায় ইতোমধ্যে একটি জোট কাঠামো ও নতুন সরকারের নীতিগত রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

লিকুদ পার্টির অসহযোগিতার কঠোর সমালোচনা করে আইজেনকোট অভিযোগ করেন, গত দুই সপ্তাহে তার দল ‘ইয়াশার পার্টি’ এবং লিকুদের আলোচক দলের মধ্যে পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ফল আসেনি। লিকুদ ইসরায়েলি জনগণের জীবনযাত্রার মৌলিক সংকটগুলো এড়িয়ে কেবল প্রধানমন্ত্রিত্বের পালাবদল বা ক্ষমতা ভাগাভাগির দরকষাকষিতেই সীমাবদ্ধ ছিল। কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা ছাড় না দিয়ে দলটি ‘রাজনৈতিক নাটক ও সময়ক্ষেপণের কৌশল’ নিচ্ছে বলে তিনি প্রশ্ন তোলেন। তবে লিকুদ যদি দৃষ্টিভঙ্গি বদলে সমঝোতার সাহসী সিদ্ধান্ত নেয়, তবে আলোচনার দরজা সবসময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করে পার্লামেন্ট বা নেসেটে আস্থা ভোটের মুখোমুখি হতে বদ্ধপরিকর আইজেনকোট। যদিও প্রয়োজনে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছ থেকে অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগ তার রয়েছে, তবে তিনি নির্ধারিত আট দিনের মধ্যেই সরকার গঠন করতে চান। পাশাপাশি, নাফতালি বেনেটের ‘টুগেদার পার্টি’র সঙ্গে দ্রুত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে এবং অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম জোটের সঙ্গে সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত আইনের প্রাথমিক সমঝোতায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নেসেটের ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পান আইজেনকোট, যেখানে নেতানিয়াহু পেয়েছিলেন ৪৬ জনের সমর্থন। তবে ‘পরিবর্তন শিবির’ হিসেবে পরিচিত জোটের শরিকদের মধ্যে আদর্শিক ও কৌশলগত মতভেদ এখনো পুরোপুরি কাটেনি। নাফতালি বেনেট লিকুদকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গড়ার পক্ষে থাকলেও আভিগদর লিবারম্যান অতি-রক্ষণশীলদের এবং ইয়াইর গোলান নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থন নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। এই বহুমুখী সমীকরণ সামলে নির্ধারিত সময়ের মধ্যে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাই এখন আইজেনকোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: মিডল ইস্ট মনিটর