২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরও পাঁচটি অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
সমরাস্ত্রের আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি দেখিয়ে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসজ্জিত প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করেছে রাশিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেভেরোদভিনস্ক শহরের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের এই অত্যাধুনিক রণতরীটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পতাকা উত্তোলনের মাধ্যমে সাবমেরিনটিকে আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পুতিন বৈশ্বিক সমরশক্তিতে রাশিয়ার সক্ষমতার কথা জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের হাতেগোনা যে কয়েকটি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বৈশ্বিক পরিসরে প্রভাব বিস্তারকারী অত্যাধুনিক অস্ত্র নির্মাণে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম। মস্কোর দাবি অনুযায়ী, ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনটিই প্রথম সমুদ্রতলের রণতরী, যা বিধ্বংসী জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপের উপযোগী করে তৈরি করা হয়েছে।
নৌবাহিনীর ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে দেশের নৌবহরে আরও পাঁচটি নতুন পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে ‘পার্ম’-এর আদলে নির্মিত ইয়াসেন-এম শ্রেণির আরও তিনটি সাবমেরিন থাকবে। বিভিন্ন পাল্লার ও ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই রণতরীগুলো পৃথিবীর যেকোনো মহাসাগরের গভীরতম প্রান্তে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সামরিক বিশ্লেষকদের মতে, সমুদ্রের তলদেশে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে চলাচলের সক্ষমতা এবং যেকোনো আকস্মিক হামলার বিপরীতে পাল্টা আঘাত হানার নিশ্চয়তা দেওয়ায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো রাশিয়ার কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। নিজ দেশের নৌবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার করে পুতিন জানান, একটি অপ্রতিরোধ্য ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে নেওয়া সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বাস্তবায়ন করা হবে।
সূত্র: আল জাজিরা



