যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা, যার ফলে স্পর্শকাতর সামরিক নথি ও কৌশলগত নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম বৃহৎ ও সংবেদনশীল ডিজিটাল নেটওয়ার্ক ‘ক্লাউড ওয়ান’-এ বড় ধরনের সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানানো হয়েছে, প্রায় এক মাস আগে সিস্টেমটির মানোন্নয়ন কাজ চলাকালীন এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে। একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করতে সক্ষম হয়, যাকে বিশেষজ্ঞরা পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেছেন। এর ফলে মার্কিন বাহিনীর গোপন সামরিক কৌশল, কর্মীদের ব্যক্তিগত ও বেতন-সংক্রান্ত নথি এবং রসদ সরবরাহের মতো অতিগোপন তথ্যগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ক্লাউড ওয়ান’ মূলত মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেটের প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এর মাধ্যমে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার তথ্য সমন্বয়কারী ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ এবং বিশ্বের ২০০টিরও বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। ২০২৬ সালে এই প্ল্যাটফর্মের প্রধান ঠিকাদার হিসেবে এসএআইসি-এর স্থলাভিষিক্ত হয় লেইডোস। তবে এই হামলায় কারা জড়িত বা ঠিক কী পরিমাণ তথ্য বেহাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তা লঙ্ঘনের পরপরই প্ল্যাটফর্মটির স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর বিশেষায়িত শাখা ‘সাইবার কমান্ড’ তদন্তে নেমেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো এই ক্লাউডে স্থানান্তরের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি চলমান অ্যাপ্লিকেশনগুলোর নিয়মিত সফটওয়্যার হালনাগাদ বন্ধ থাকায় নতুন নিরাপত্তা সংশোধনী বা প্যাচ যুক্ত করা সম্ভব হচ্ছে না, এবং নিরাপত্তার স্বার্থে বেশ কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিন অধিকারও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মার্কিন বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের দুর্বলতা নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও তাদের তথ্য ও মিশন সক্ষমতা সুরক্ষিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বৃহৎ নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করার প্রবণতা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এফবিআই, পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি, ট্রেজারি বিভাগ এবং দুটি গোয়েন্দা সংস্থাসহ মার্কিন সরকারের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে, যা দেশটির সামগ্রিক ডিজিটাল নিরাপত্তাব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।



