হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণের পর ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হলেও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে তেহরানের অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহারের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে বিস্ফোরিত হয় এবং সেগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি তেল বহনকারী সুপারট্যাংকারটি উপসাগরের দক্ষিণ জলসীমায় তলিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইরানি বাহিনী।

বিজ্ঞাপন · inarticle_1

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে একটি ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বিষয়ে তারা অবগত। তবে ইরানের দাবি করা ঘটনার সঙ্গে ওই হামলার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতি বা পরিবেশগত প্রভাব নিরূপণ করা সম্ভব না হলেও এর সব নাবিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। ইরানের নির্ধারিত রুট ব্যতীত অন্য পথে চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পাশাপাশি সম্প্রতি প্রণালিটির প্রধান নৌপথগুলো মাইনমুক্ত করার দাবি করেছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড