ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর ‘রাঞ্চো’ চরিত্রের অনুপ্রেরণা ও বিশিষ্ট শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন, যা অবিলম্বে কার্যকর হয়ে আগামী দুই মাস বলবৎ থাকবে।
এই আদেশের ফলে আগামী ৬০ দিন সোনম ওয়াংচুক কোনো ধরনের জনসভা, র্যালি কিংবা মিছিলে অংশ নিতে পারবেন না। প্রশাসন জানিয়েছে, লেহ পুলিশ প্রধানের একটি চিঠি এবং পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে তার চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওয়াংচুক নিজেই জানিয়েছেন যে, কয়েক ডজন পুলিশ সদস্য তার বাড়ি ঘিরে রেখেছেন।
এই ঘটনার নেপথ্যে রয়েছে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া লাদাখের কাউন্সিল নির্বাচন। সোনম ওয়াংচুক এবং লাদাখের বিভিন্ন স্থানীয় সংগঠন তীব্র শীতের মধ্যে এই নির্বাচন আয়োজনের বিরোধিতা করে আসছেন। তাদের মতে, ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডার কারণে স্থানীয় বাসিন্দারা অন্যত্র চলে যান, যা ভোটদানে নেতিবাচক প্রভাব ফেলবে। এই দাবিতে শনিবার (১৪ নভেম্বর) একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং এর পরদিনই তাকে গৃহবন্দি করার নির্দেশ আসে।
উল্লেখ্য, লাদাখের পরিবেশ ও অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সোনম ওয়াংচুক। বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচক হিসেবে পরিচিত এই সমাজকর্মী কয়েক মাস আগে দিল্লিতে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে হওয়া আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।



