ইরানে পরিচালিত সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক আরব দেশগুলো প্রত্যক্ষভাবে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। দেশটির দাবি, এই সহযোগিতার সপক্ষে তাদের হাতে সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ রয়েছে এবং ইতোমধ্যে কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট দেশগুলোকে তা অবহিত করা হয়েছে।
গত রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, সার্বিক তথ্য-উপাত্ত প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে এই অঞ্চলের দেশগুলো বহুমুখী সহায়তা দিয়েছে, যা তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাঘেইয়ের মতে, মার্কিন বাহিনী আরব দেশগুলোর সামরিক ঘাঁটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করেছে এবং তাদের নানা ধরনের লজিস্টিক বা রসদ সহায়তাও দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানে আঞ্চলিক রাষ্ট্রগুলোর এমন সম্পৃক্ততা ও এর সম্ভাব্য পরিণতি নিয়ে কড়া সতর্কবার্তা দেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান। এ প্রসঙ্গে ইসমাইল বাঘেই ব্যাখ্যা করেন যে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার থেকেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ইরানের লক্ষ্যবস্তু কোনো আরব দেশের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা ছিল না, বরং কেবল তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামগুলোতেই আঘাত হানা হয়েছিল।
এদিকে, গত শুক্রবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) তাদের সদস্য দেশগুলোর ভূখণ্ডে ইরানি হামলার ঘটনায় তেহরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করে। আরব জোটটির এই দাবির পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাল্টা এই কঠোর বার্তা ও নথিভুক্ত প্রমাণের বিষয়টি প্রকাশ্যে আনা হলো।



