ইসরায়েলের রাজনীতিতে নতুন করে তীব্র সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে কারচুপি ও পুলিশি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ ওঠার পর দেশটির বিরোধী দলীয় নেতা গ্যাডি আইজেনকট ঘোষণা দিয়েছেন যে, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের শীর্ষে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সোমবার এএফপির বরাত দিয়ে আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলি গণতন্ত্রের জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রোববার চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় যে, গত অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশের সহায়তায় পরিকল্পিতভাবে আরব-নেতৃত্বাধীন রাম (United Arab List) দলের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযান চালিয়েছিলেন। কোনো পরোয়ানা ছাড়াই ওই দলের তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং নেতানিয়াহু দিনভর তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালান। যদিও পরবর্তীতে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। একই সঙ্গে, শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি-ইসরায়েলি ৫ জন নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুরোধ করেছিলেন বলেও প্রতিবেদনে উঠে আসে।

বিজ্ঞাপন · inarticle_1

এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা আইজেনকট অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পুলিশ-শিন বেতের কাছে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকটের এই মন্তব্যকে ‘জঘন্য উসকানি’ বলে প্রত্যাখ্যান করেছে। যদিও বর্তমান রাজনৈতিক সমীকরণে নেতানিয়াহু বা আইজেনকট—কারো জোটই সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একষট্টি আসন নিশ্চিত করতে পারেনি, তবুও দুই নেতার মধ্যে সরকার গঠনের আলোচনা ও রাজনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে।