বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে জারি করা ফ্লাইট নিষেধাজ্ঞা প্রায় সাড়ে চার ঘণ্টা পর প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তা ও বিশ্লেষকেরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট বন্ধের ঘটনা।

ফ্লাইটরাডার২৪ ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যানুযায়ী, এই বিপর্যয়ে শুক্রবার ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল ও ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ায় আনুমানিক ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন। এ ছাড়া শনিবারের জন্যও আগাম প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন স্পষ্ট করেছেন যে, এর পেছনে কোনো নিরাপত্তা হুমকি বা সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি এবং সাম্প্রতিক মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই। অন্যদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, মূলত পুরোনো নিয়ন্ত্রণ প্রযুক্তি ও রাউটারে অতিরিক্ত তথ্যের চাপের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়, যার সূত্রপাত হয়েছিল শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুরোনো অবকাঠামো ও জনবল সংকটে ভোগা যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও কারিগরি ত্রুটির কারণে প্রায় ৯০ মিনিট অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল।