ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মূলত সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণেই মুখ্যমন্ত্রী বিজয় দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন। এমনকি তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার প্রকাশিত সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইটি ইতিমধ্যে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আনুষ্ঠানিক এই প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে। এর আগে গত জুন মাসে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি সফরের সময়ও তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।



