সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে যৌথ অভিযান পরিচালনা করে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১১ হাজার ৪১৮ জন প্রবাসীকে।

গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চালানো এসব অভিযানে গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশ বিভিন্ন আইন ভঙ্গ করেছেন। এর মধ্যে আবাসন আইনে ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইনে ২ হাজার ৫৬৪ জন আটক হয়েছেন। পাশাপাশি অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জন এবং সীমান্ত পার হয়ে পালানোর চেষ্টার সময় ২৯ জনকে আটক করা হয়। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন · inarticle_1

বর্তমানে সৌদিতে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারী। অবৈধ অনুপ্রবেশ বা আইন লঙ্ঘনকারীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন। এ ধরনের অপরাধের দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান রাখা হয়েছে।